বাগলী সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নিয়ে গেছে বিএসএফ

জেলার তাহিরপুর উপজেলার বাগলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের বাগলী সীমান্তে রঙ্গুছড়া এলাকায় গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তারা নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল রবিবার আটককৃতদের বিজিবির কাছে ফেরত না দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। স্থানীয়রা জানান, ভারত থেকে বাংলাদেশিদের ফেরত আনতে গত শনিবার রাত ৭টায় বাগলী শুল্কবন্দর এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামিল রওশন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন শিলং জেলার বাগলী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বাহাদুর। বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামিল রওশন বলেন, বৈঠকে আটক ৫ বাংলাদেশিকে দ্রুত ছেড়ে দিবে বলে নিশ্চিত করেছে বিএসএফ।