খন্দকার মোশাররফকে কারাগারে পাঠিয়েছে আদালত

অর্থপাচার মামলায় তিন দিনের রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুদকের উপ-পরিচালক আহসান আলী আসামিকে আদালতে হাজির করেন। তিনি তদন্ত শেষ না হওয় পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামির পক্ষে জামিন চান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। মামলায় বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন। মন্ত্রী থাকাকালীন দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যে তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। আগামি ১৩ এপ্রিল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।