শিশু একাডেমীতে বইমেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ৯ দিনের বইমেলার আয়োজন করেছে শিশু একাডেমী। আগামীকাল মঙ্গলবার একাডেমীর প্রাঙ্গণে বিকেল চারটায় এই মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করেছে একাডেমী। এবার দেশের ৬০ প্রকাশনা প্রতিষ্ঠান তাদের শিশুতোষ প্রকাশনা নিয়ে মেলায় অংশ নেবেন। এই উপলক্ষে গতকাল রবিবার একাডেমীর সেমিনার কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একাডেমী কর্তৃপক্ষ। এতে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। এ সময় একাডেমীর চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি এবং মেলার পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংক লিমিটেডের ডিজিএম আবুল বাসার সেরনিয়াবাদ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। সাংবাদিক সম্মেলনে জানান হয়, বইমেলায় প্রতিদিনের আয়োজনে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযু্দ্ধ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশের গান/মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প বলা ও বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতাসহ নানা রকম প্রতিযোগিতা। একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে অংশ নেবেন বরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের শিশুতোষ বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মুক্তিযু্দ্ধ বিষয়ক বইও স্থান পাবে। বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। একাডেমী বিক্রি করবে ৩০ শতাংশ ছাড়ে। মেলায় পাইরেটেড বই বিক্রি নিষিদ্ধ। স্মরণিকাও প্রকাশ করা হবে মেলা উপলক্ষে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্র ও শনিবারসহ ছুটির দিনগুলোতে মেলার দ্বার খোলে যাবে সকাল ১১টায়।