ডিজিটাল বাংলাদেশ গড়া আমার স্বপ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়ার। আর আমি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। গতকাল রবিবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন সময়ে রংপুরে প্রতিবছর মঙ্গা লেগে থাকতো। আওয়ামী লীগ সরকার এসে মঙ্গা শব্দটি মুছে দিয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি, টিপু মুন্সী এমপি, আবুল কালাম মুহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি প্রমুখ।