রূপসায় বিএনপির বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:২৭
দলের সিদ্ধান্ত ছাড়া রূপসা উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খুলনা জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জেলা দপ্তর সম্পাদক জি এম কামরুজ্জামান টুকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এ তথ্য জানানো হয়।
খুলনা জেলা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত ভঙ্গ এবং গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামী ২৩ মার্চ রূপসা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জেলা নেতা ও যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল হাসান বাপ্পীকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছে। বাবু এ উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন।