হারের পরও একই চেহারায় আফগান দলপতি

প্রথমে ৭২ রানে অল আউট, এরপর নয় উইকেটে হার। এরপর এমন কথা বলা ঠিক কোন অধিনায়কেরই মানায় না। কিন্তু গতকালও তিনি বললেন, সাকিব-তামিম এমন আহামরী ক্রিকেটার নন! না, তিনি এককালের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা ভারতের মতো কোন দলের অধিনায়ক নন। তিনি হলেন ক্রিকেটের নবীন দল আফগানিস্তানের দলপতি মোহাম্মদ নবী। এশিয়া কাপে যেই ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে জিতেছিলেন তাতে ছিলেন না তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আজ তারা ছিলেন। আর তাতেই নতুন রূপে ফিরে আসলো বাংলাদেশ। আর সেই আগুনে পুড়লো আফগানিস্তান। তারপরও আফগান অধিনায়ক মোহাম্মদ নবী সাকিব-তামিমকে বড় কোন কিছু মানতে নারাজ। সেটা তিনি না মানতেই পারেন। কিন্তু যে কথাগুলো তার মুখ থেকে আসলো সেটা শুনে রীতিমতো আকাশ থেকে পড়ার মতো অবস্থা, ‘তারা ভাল খেলোয়াড়, কিন্তু আহামরী এমন কিছু না। আজ অবশ্যই তারা ভাল খেলেছে। বিশেষ করে সাকিব ভাল বল করেছে। আমরা ১২০-১৩০ রান করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারতো।’ সাকিব-তামিমকে ভাল ক্রিকেটার মনে করুন আর নাই করুন, বাংলাদেশের বিপক্ষে হারের ফলে এখন আফগানিস্তান আছে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায়। সেই শঙ্কা এড়াতে এবার বাংলাদেশের পরাজয় কামনা করছেন নবী, ‘বাকি দুটো ম্যাচে আমাদের বড় ব্যবধানে জিততে হবে। ক্রিকেটে সামনে কি হবে কিছুই বলা যায় না। হয়তো বাংলাদেশ একটা ম্যাচ হারবে, আর আমাদের জন্য সুযোগ সৃষ্টি হবে।’ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই নবীই নিজেদের বাংলাদেশের চেয়ে বড় দল বলে হুঙ্কার দিয়েছিল। কিন্তু, গতকাল তিনিই ছিলেন পরাজিতদের দলে। অতি আত্মবিশ্বাসের কারণেই কি এমন হার? নবী হারকে দেখছেন একটু অন্যভাবে, ‘আত্মবিশ্বাস বেশি ছিল বলে জিততে পারিনি, ব্যাপারটা মোটেই তেমন ছিল না। বাংলাদেশ ভাল খেলেছে বলেই জিতেছে। তাছাড়া আমরা এতো সহজে হেরে যাওয়ার মতো দল নই। আমার উইকেট আর কন্ডিশনে কিছুটা সমস্যা হয়েছে।’ ম্যাচের প্রথম বলেই ব্যাকফুটে চলে যায় আফগানরা। প্রথম বলেই উইকেট নিয়ে বিপক্ষ শিবিরকে কাঁপিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা। সেখানেই পিছিয়ে পড়েছেন বলে জানালেন মোহাম্মদ নবী, ‘বাজে শট খেলে প্রথম বলেই আউট হয়ে গেছে মোহাম্মদ শাহজাদ। এরপরেই আমরা চাপে পড়ে যাই। এরপর আর ম্যাচে ফিরতে পারিনি।’ ম্যাচ হারের জন্য বাংলাদেশি বোলাররা নয়, আফগান অধিনায়ক দুষলেন উইকেটকে, ‘আসলে আমরা এরকম উইকেট মোটেই আশা করিনি। উইকেটে বেশ টার্ন ছিল। সাথে কিছুটা বাউন্স। ফলে উইকেটে খেলতে আমাদের সমস্যা হয়েছে।’