চেলসির হারে জমলো শিরোপা লড়াই
ম্যানইউকে হারালো লিভারপুল
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:৩৯
ফ্যাবিয়ান ডেলফের একমাত্র গোলে গত শনিবার নিজেদের মাঠে নয়জনের দলে পরিণত হওয়া চেলসিকে হারিয়েছে অ্যাস্টন ভিলা। একই দিনে হাল সিটির বিরুদ্ধে ২-০ গোলে জিতে ম্যানচেস্টার সিটি শীর্ষে থাকা হোসে মরিনহোর দলের সাথে ব্যবধান কমালো। সব মিলিয়ে জমে উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই। চেলসি এই হারে ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের চেয়ে তিন ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
গতকাল রবিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে লিভারপুলও নিজেদের সম্ভাবনা বাড়ালো। স্টিভেন জেরার্ড দুই গোল করেন।
গত রাতে আর্সেনাল ও টটেনহামের খেলা শেষে অবশ্য শিরোপা লড়াই আরো প্রতিদ্বন্দ্বিতাময় হয়ে উঠতে পারে। মরিনহোর দল বিপক্ষের জালে বল জড়ালেও হ্যান্ডবলের কারণে গোল দেননি রেফারি। এরপর ৬৮ মিনিটে উইলিয়ান দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৮২ মিনিটে মার্ক আলব্রাইটনের যুগিয়ে দেয়া বলে ভিলাকে এগিয়ে দেন ফ্যাবিয়ান ডেলফ। পরে নিশ্চিত হারের প্রান্তে থেকে ইনজুরি সময়ে আরেকটি লাল কার্ডে মাঠ ছাড়তে হয় র্যামিরেসকে। মরিনহো সিদ্ধান্তটির প্রতিবাদ করলে তাকেও স্ট্যান্ডে পাঠানো হয়। ফলে দশে থাকা সহজ প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার কাছে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।