কন্ডিশনের কারণেই আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:৪১
বিশ্বকাপের ফাইনাল মানেই শ্রীলঙ্কার জন্য এক দুঃসহ অভিজ্ঞতা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাদের হারতে হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে। এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে তাদের ঘাতক ছিল ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য জয়ের আত্মবিশ্বাসই ঝরলো অধিনায়ক দিনেশ চান্দিমালের কণ্ঠে। আর তার আত্মবিশ্বাসের কারণ হল, বাংলাদেশের কন্ডিশনের পূর্ব অভিজ্ঞতা।
জানুয়ারির শেষ থেকে শুরু করে এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত বাংলাদেশ থাকাকালীন সময়ে শ্রীলঙ্কাকে হারতে হয়নি একটি ম্যাচও। তাই চান্দিমালের আত্মবিশ্বাসটা একদমই অযৌক্তিক নয়। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় বাংলাদেশে খেলেছি। সেখানকার উইকেটের ধরনটা তাই ভালভাবেই জানা আছে আমাদের। ফলে এই ব্যাপারে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকবো। টি-টোয়েন্টি দলে থাকা অনেকেই বাংলাদেশে খেলে এসেছে। এটা আমাদের জন্য তাই দারুণ একটা সুযোগ। তারপরও আমাদের ভাল খেলেই জিততে হবে।’
এশিয়া কাপ জয়ের পর দেশে ফিরে ভক্তদের ভালবাসায় সিক্ত হন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এবারও ভাল পারফরম করার প্রতিশ্রুতি দিলেন চান্দিমাল, ‘আমি জানি, সমর্থকদের চাওয়া অনেক বেশি। তারা বিশ্বাস করে আমরা টুর্নামেন্টটা জিততে পারবো। আমরা তাদের সেই বিশ্বাসের মূল্য রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ঘরে ফিরবো আশা করি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার গ্রুপে এখন পর্যন্ত যারা আছেন তারা হল, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। উপমহাদেশীয় কন্ডিশন বিবেচনা করলে লঙ্কানরাই এগিয়ে থাকবেন এখানে। এই প্রসঙ্গে দিনেশ চান্দিমাল বলেন, ‘আমাদের গ্রুপের সুবিধা হল, এখানকার বাকি দলগুলো উপমহাদেশের কন্ডিশনের সাথে পরিচিত নয়। তারপরও কোন দলকেই হালকাভাবে নেয়া যাবে না। টি-টোয়েন্টিতে দুই-এক ওভারের মধ্যেই খেলার রং পাল্টে যেতে পারে। আমাদের তাই সতর্ক থাকতে হবে।’