টি-টোয়েন্টি স্পেশালে শান্ত ও শুভ্রদেব

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনাকে মাথায় রেখেই এশিয়ান টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া ডায়লগ’-এ এবারের অতিথি হয়ে এসেছেন এ দেশের তারকা ক্রিকেটার হাসিবুল হোসাইন শান্ত এবং কণ্ঠশিল্পী শুভ্র দেব। এই অনুষ্ঠানে টি-টোয়েন্টি নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনা ও এ নিয়ে তরুণদের উন্মাদনার বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের সাম্প্রতিক অসদাচরণ নিয়ে শান্ত বলেছেন, ‘ওর হয়তো জনপ্রিয়তায় নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সাকিবের আত্মঅহংকার আত্মঘাতী। ওকে এ থেকে বেরিয়ে আসতে হবে।’ এ ছাড়াও আড্ডার নানা আলোচনায় শুভ্রদেব বলেন, ‘ক্রিকেট থিমসং নিয়ে এখন যে যার মতো গান গাইছে। কিন্তু এতে একই সাথে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আমার মতে এর সুষ্ঠু একটি নীতিমালা করা উচিত। কারণ এই জগাখিচুড়ি থিম সংয়ের ভিড়ে কোনো থিম সংই পারফেক্টলি প্রমোশন পায় না। ইদানীং কিছু থিম সং তৈরি হচ্ছে যা শুনলে মনে হয়ে স্যাড রোমান্টিক কোনো গান শুনছি। থিম সংয়ের আলাদা একটি রিদম থাকা জরুরি। এই বিষয়গুলো আমার মনে হয় মেইনটেন করা প্রয়োজন।’ টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশেষ এই ‘মিডিয়া ডায়লগ’ প্রচার হবে আজ রাত ৯টায় এশিয়ান টিভিতে।