কংশ সোমেশ্বরীতে নাব্যতা সংকট, নৌ বাণিজ্য বন্ধ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২০:৩৯
নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী নদীর নাব্যতা কমে যাওয়ায় এসব নদীতে নৌচলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে নৌবাণিজ্যও। নৌবাণিজ্য বন্ধ হবার কারণে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পণ্য পরিবহনে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্গাপুরের সাদা মাটি এবং সিলিকা বালু দুর্গাপুরের সোমেশ্বরী এবং জারিয়ার কংশ নদীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়ায় সকল প্রকার নৌচলাচল বন্ধ হয়ে গেছে। কংশ নদীর বুক দিয়ে এখন ট্রাক চলাচল করে। নৌযানের লোকজন বেকার হয়ে পড়েছেন। গ্রামের ব্যবসা-বাণিজ্যও কমে গেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের নিম্নআয়ের লোকজন। কারণ সাদা মাটি ও বালি পরিবহনে সহায়তা করে দিনমজুররা অর্থ আয় করতো। এখন তা বন্ধ থাকায় তাদের সমস্যা হচ্ছে।
শুধু যে নৌপরিবহন বন্ধ হয়েছে, তা নয়। নদীতে পানির অভাবে বোরো জমিতে সেচেরও সমস্যা হচ্ছে। নদীর পাড়ের বোরো জমি পানির অভাবে বিনষ্ট হচ্ছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলেন, বর্তমানে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের হাতে নদী খনন কাজের জন্য কোন টাকা বরাদ্দ নেই, তাই নদী দুটি খনন এখন সম্ভব নয়। এলাকার লোকজন অবিলম্বে সোমেশ্বরী এবং কংশ নদী খনন করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।