আমবাগান ধ্বংসের আশংকা
রাজশাহীতে আরডিএ’র আবাসন প্রকল্প বাতিলের দাবি
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২০:৪৪
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানার রায়পাড়ায় আমবাগান ধ্বংস করে আবাসন প্রকল্প গ্রহণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট বাগান মালিকরা ওই আবাসন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন। এরআগে একই দাবিতে তারা নগরীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, নগরীর পশ্চিমাঞ্চলে রায়পাড়া এলাকায় ৪০ বিঘা জমির ওপর অন্তত চার শতাধিক আমগাছ রয়েছে। বিশাল ওই বাগান ধ্বংস করে সমপ্রতি আরডিএ সেখানে আবাসিক প্রকল্প গ্রহণ করেছে। এরআগে একই এলাকায় দু’টি বাইপাস সড়ক তৈরির সময় নামমাত্র মূল্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। নতুন করে আরডিএ’র এই প্রকল্প বাস্তবায়িত হলে বাসিন্দারা আবার ব্যাপক ক্ষতির শিকার হবেন। এছাড়া রাজশাহী অঞ্চলের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগান মালিক লিয়াকত আলী। যোগাযোগ করা হলে আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ জানান, রায়পাড়ায় আবাসন প্রকল্পটি ইতিমধ্যে সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। শিগগিরই ভূমি অধিগ্রহণ শুরু হবে। তিনি বলেন, আম বাগান রেখেই প্রকল্পের প্লট করার চেষ্টা করা হবে। যারা প্লট পাবেন তারা জীবন্ত আমগাছসহ পাবেন। প্রকল্পের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে।