ওবামার চাপে নতি স্বীকার নয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সোমবার হোয়াইট হাউসে আলোচনাকালে কোন ধরনের চাপের কাছে নতি স্বীকার না করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছে দেশটির জনপ্রিয় রাজনৈতিক ও বিরোধী দলগুলো। গত রবিবার তারা প্রেসিডেন্টের প্রতি এ আহ্বান জানায়। —খবর সিনহুয়ার। গাজা শাসনকারী ইসলামি আন্দোলনকারী রাজনৈতিক দল হামাসসহ অন্য বিরোধী দলগুলোর মুখপাত্র এবং প্রতিনিধিরা পৃথক পৃথক সাক্ষাত্কারে জানিয়েছে, ইউএসের মধ্যস্থতায় যে শান্তি আলোচনা হচ্ছে সেটি আমাদের জনগণের জন্য খুবই বিপজ্জনক। তারা বলেন, দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার পরিসমাপ্তি ঘটাতে বেঁধে দেয়া নয় মাসের সময়সীমা সম্প্রসারণে আব্বাসের ওপর ওবামা চাপ প্রয়োগ করলেও তিনি যেন তা কোনভাবেই মেনে না নেন। গত বছর জুলাই মাস থেকে শান্তি আলোচনা শুরু করা হয়। এ বছর এপ্রিলে এর মেয়াদ শেষ হবে। হামাসের এক মুখপাত্র সামি আবু জহুরি বলেন, তাদের চাওয়া প্রেসিডেন্ট যেন ওবামাকে অবগত করেন যে ফিলিস্তিনিরা প্রহসনের এ শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে চায়। সে আরো অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ইসরাইলের পক্ষে রয়েছে। এদিকে রবিবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওয়াশিংটনে পৌঁছেছেন। ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যত্ নিয়ে আলোচনার লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে ওবামার সাথে বৈঠকে বসার কথা রয়েছে আব্বাসের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন জানানোর শর্তে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে আসছে ইসরাইল। এ নিয়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি উত্তপ্ত আলোচনা চালাবেন প্রেসিডেন্ট আব্বাস। তবে ইস্যুটি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে আসছে ফিলিস্তিনি জনগণ।