নাইজেরিয়ার গ্রামে হামলায় নিহত ১০০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কাদুনা রাজ্যে দুটি নৃগোষ্ঠীর মধ্যে বিরোধের জের ধরে হামলায় অন্ততপক্ষে ১শ’ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার রাতে রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় কাদুনা জেলায় একটি গোষ্ঠীর লোকজন ব্যাপক অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে অপর পক্ষের তিনটি গ্রামে হামলা চালায়। এই হামলার জন্য কারা দায়ী তা পরিষ্কার না হলেও আক্রান্ত গ্রামের বাসিন্দারা ফুলানি নৃগোষ্ঠীর গোত্র প্রধানদের দায়ী করেছেন। মধ্য নাইজেরিয়ায় প্রায়ই ভূমি ও ধর্মীয় বিরোধের কারণে সহিংসতা হয়ে থাকে। আধা যাযাবর ফুলানি গোষ্ঠীর স্থানীয় কৃষকদের সহিংসতার বছরগুলোতে কয়েক হাজার মানুষ নিহত হয়। এলাকাটি পরিদর্শনের পর কাদুনা রাজ্য পরিষদের সদস্য ইয়াকুবু বিডিয়ং জানিয়েছেন, গ্রাম তিনটির নিহত বাসিন্দাদের পুড়িয়ে ফেলার ফলে তাদের শনাক্ত করা যাচ্ছে না। আগুন লাগিয়ে ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে ও খাদ্যসামগ্রী লুটপাট করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হামলাকারীদের মধ্যেও দু’জন নিহত হয়েছেন। তাদের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।