সীমান্তে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সিরীয়দের দখলে
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:২৯
লেবানন সীমান্তের কাছে সিরীয় বিদ্রোহীদের শেষ শক্তিকেন্দ্র ইয়াবরৌদ দখল করে নিয়েছে দেশটির সরকারি বাহিনী। শহরটি দখল করার পর রাস্তার পাশে বিদ্রোহীদের পেতে রাখা বোমাগুলো নিষ্ক্রিয় করা শুরু করেছে তারা। কয়েক মাসের অভিযান শেষে রবিবার শহরটি পুরোপুরি সরকারি বাহিনীর দখলে চলে আসে, রয়টার্সকে জানিয়েছে সিরীয় বাহিনীর একটি সূত্র।
সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে লেবানন সীমান্ত এই শহরটি দখলে নেয়ার ফলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সামরিক কৌশলগতভাবে অনেক এগিয়ে গেলেন। এই শহরটি দখলের ফলে ভূমধ্যসাগরের তীরে নিজের শক্তিকেন্দ্রের সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগ রক্ষা করতে আর বেগ পেতে হবে না তাকে। শহরটি দখলে আসায় লেবানন থেকে আসা বিদ্রোহীদের সরবরাহ লাইনের ওপরও নজরদারী করতে পারবে আসাদ বাহিনী। রবিবার ভোরের আগেই অধিকাংশ বিদ্রোহী ইয়াবরৌদ ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে সূত্রটি। একদিন আগে শনিবার সরকারি বাহিনী শহরটির পূর্বাঞ্চলীয় এলাকায় প্রবেশ করে বেশ কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড় দখল করে নিয়েছিল। আল কায়েদার সিরীয় শাখা নুসরা ফ্রন্ট এর যোদ্ধা ইয়াবরৌদ থেকে বিদ্রোহীদের পশ্চাত্ প্রসরণের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারা শহরটি ছেড়ে স্থানীয় হোসা আরব, র্যাস্কোস ও ফ্রেইভা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে লেবানন সীমান্তের আর্সাল থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন তিনি। ইয়াবরৌদ থেকে ২০ কিমি উত্তর-পশ্চিমের এই সীমান্ত ক্রসিং পয়েন্টটি বিদ্রোহী ও শরণার্থী উভয়েই নিয়মিতভাবে ব্যবহার করে আসছে। গত কয়েক মাস সিরীয় সরকারি বাহিনী লেবানন সীমান্ত ধরে এবং রাজধানী দামেস্ক ও আলেপ্লোর আশপাশের এলাকায় একের পর এক সাফল্য পেয়েছে। চতুর্থ বছরে প্রবেশ করতে যাওয়া সিরীয়ার গৃহযুদ্ধে আবার প্রাধান্য বিস্তার করতে শুরু করেছে তারা। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।