লেবাননে আত্মঘাতী বোমায় হিজবুল্লাহ নেতা নিহত
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:২৯
লেবাননে আত্মঘাতী গাড়িবোমা হামলায় রবিবার এক হিজবুল্লাহ নেতাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছে। সিরিয়া সীমান্তের কাছে বেকা উপত্যকার হিজবুল্লাহ প্রভাবিত আল-নাবি ওথমান গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
লেবানন থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, হামলায় নিহত শিয়া সংগঠনটির স্থানীয় ঐ নেতার নাম আব্দুল রহমান আল-কাধি। প্রতিবেশী দেশ সিরিয়ার যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যোদ্ধা পাঠানোর বিষয়টি স্বীকার করার পর থেকে হিজবুল্লাহ লেবাননের পূর্বাঞ্চল এবং দক্ষিণ বৈরুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণসহ রক্তক্ষয়ী হামলার শিকার হচ্ছে। জাবহাত আল-নুসরা নামে সুন্নিদের একটি সশস্ত্র গ্রুপ সর্বশেষ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। উল্লেখ্য, সুন্নিদের বেশ কিছু সংগঠন সিরিয়া যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণের বিরোধিতা করে আসছে।