স্বল্প পাল্লার ২৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গত রবিবার পূর্ব সাগরে ২৫টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলার এ সময়ে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। দু’দেশের ঐ মহড়াকে উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে ১০টি, রাত আটটা তিন মিনিট থেকে আট মিনিটের মধ্যে আটটি এবং রাত নয়টা ২৮ মিনিট থেকে ৩২ মিনিটের মধ্যে আরো সাতটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়। ধারণা করা হচ্ছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘ফ্রগ’ নামে এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৭০ কিলোমিটারের মতো। রাশিয়ার কাছ থেকে পাওয়া এই ক্ষেপণাস্ত্রগুলো ১৯৬০’র দশক থেকে উত্তর কোরিয়ার উেক্ষপণ শুরু করার কথা জানা যায়। উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে উন্মুক্ত সাগরের ওনসান এলাকায় মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার কোনো বাধা নেই। দেশটি প্রায়ই এ অস্ত্র পরীক্ষা করে থাকে। তবে ২০১৩ সালের শুরুর দিকে উত্তর কোরিয়া তৃতীয় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। এর আগে ২০১২ সালে দেশটি সফলভাবে দূর পাল্লার রকেট পরীক্ষা চালায়। জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় এ দুই পরীক্ষাই নিষিদ্ধ ছিল।