সংবাদ কণিকা

‘বিন লাদেন’ ডাক্তারের সাজা কমেছে প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজতে মার্কিন গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) সহায়তা করার অভিযোগ ওঠা চিকিত্সক শাকিল আফ্রিদির শাস্তির ১০ বছর কমিয়েছে পাকিস্তানের একটি আদালত। ২০১২ সালের মে মাসে শাকিল আফ্রিদি নামের ওই চিকিত্সককে ৩৩ বছরের জেল দিয়েছিল একটি আদালত। শনিবার পেশাওয়ারের একটি আদালত তার সাজা ৩৩ বছর থেকে ১০ বছর কমিয়ে ২৩ বছর করেছে। আফ্রিদির আত্মীয়-স্বজন এবং যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে তার সাজা কমানো হয়। —বিবিসি পেরুতে শক্তিশালী ভূমিকম্প পেরুর উত্তরাঞ্চলে শনিবার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়,প্রশান্ত মহাসগরের উপকূলে ৬.৩ মাত্রার এ ভূমিকম্প হয়েছে। —এএফপি ম্যালেরিয়া দ্রুত নির্ণয়ের ব্যবস্থা মাইক্রোস্কোপের মাধ্যমে ম্যালেরিয়া রোগ নির্ণয় খুব একটা সহজ নয়। তবে জার্মান বিজ্ঞানীরা এবার এমন এক যন্ত্র বানিয়েছেন যা ম্যালেরিয়া রোগ নির্ণয় সহায়ক হতে পারে। ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড সার্কিটস একটি স্বয়ংক্রিয় মাইক্রোস্কোপের আদিরূপ নির্মাণ করেছে, যেটা ম্যালেরিয়া রোগ নির্ণয়ে ব্যবহূত হতে পারে। পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এক্ষেত্রে মাইক্রোস্কোপ সম্বলিত একটি সাদা বাক্স কম্পিউটারের সাথে যুক্ত করা হয় এবং যিনি রোগটি পরীক্ষাটি করবেন, তার কাজ হলো একটি কার্টিজে ১০টি স্লাইড স্থাপন করা। —ডয়চেভেল