সোনাতলায় ১৭ বছর যাবত্ এসিল্যান্ড পদ শূন্য

সোনাতলায় দীর্ঘ প্রায় ১৭ বছর যাবত্ এসিল্যান্ড পদ শূন্য থাকায় জনগণের ভোগান্তি দিনদিন বেড়েছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ শামসুল আলম ১৯৯৭ সালের ২৩ এপ্রিলে এখান থেকে অন্যত্র বদলি হয়েছেন। তখন থেকেই পদটি শূন্য রয়েছে। পদটি শূন্য থাকায় এ উপজেলায় যখন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মরত থাকেন তখন তিনি এসিল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান, সরকারের নির্দেশ মোতাবেক জনগণের সুবিধার্থে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। নানা কাজে ব্যস্ততার কারণে কতক দিন অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে পাওয়া সম্ভব হয় না। ফলে ওই দিন ভূমি অফিসের কর্মচারী ও জনগণ হয়রানির শিকার হয়। এভাবেই দীর্ঘ ১৭ বছর ধরে চলে আসছে ওই অফিসের কাজকর্ম।