হেভিওয়েট প্রার্থীদের প্রচারণায় মুখরিত সাতকানিয়া

আগামী ২৩ মার্চ উপজেলা নির্বাচনের দিনকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) প্রার্থীদের বিরামহীন প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রত্যন্ত জনপদ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার, অফিস সমূহের মধ্যে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। এরই মধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অলি-গলি থেকে শুরু করে সদর পর্যন্ত ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। সরকারি দলের প্রভাবশালী নেতা চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ডেপুটি সেক্রেটারী নুরুল আবছার চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত সমর্থিত জসিম উদ্দিন ও সাতকানিয়া নাগরিক উন্নয়ন পরিষদের ব্যানারে এড. আবদুর রাকিব চৌধুরী। চেয়ারম্যান প্রার্থী ৪ জন হলেও লড়াই হবে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে। এই তিন হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় মুখরিত সাতকানিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন। আগামী ২৩ মার্চ সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপস দত্ত (তালা), বশির উদ্দিন (মাইক), মো. ইব্রাহীম (নলকূপ), জসিম উদ্দিন (চশমা) ও মো. রিদোয়ানুল হক (বই) প্রতীক নিয়ে। ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তাঁরা হলেন জন্নাত আরা বকুল (প্রজাপতি), জন্নাতুল নাঈম রিকু (পদ্মফুল) ও দুরদানা ইয়াছমিন (কলস)। সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৭৯৩ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৮ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৭৮৫ জন।