মান্দায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাতিল ভোট ও ব্যালট পেপার পুনঃ গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। গতকাল সোমবার সকালে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তিনি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রশীদকে মাত্র ৬৩৯ ভোটে জয়ী দেখানো হয়েছে। অথচ নির্বাচনে ৯ হাজার ৭শ’ ৫ ভোট বাতিল দেখানো হয়েছে। ভোট পুনঃগণনা করা হলে তিনি জয়ী হবেন দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক মোল্লা, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোকবুল হোসেন, মৈনম ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। এব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ফল ঘোষণার দিন রাতে এ ধরনের কোন অভিযোগ আমরা পায়নি।