বাগদাদের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে ইরাকের প্রস্তাব
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:৪৩
ইরাক বাংলাদেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে ইরাকের রাষ্ট্রদূত সাকির কাশে মাহদী আল কাফ্ফাল রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে তার দপ্তরে বৈঠককালে ঢাকা-বাগদাদ সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানিয়ে প্রস্তাব পেশ করেন।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইরাকের মধ্যে সরাসরি বিমান চলাচলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বলেন, জনশক্তিসহ অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য ইরাকের দরজা খোলা রয়েছে। তিনি বলেন, প্রতিদিন গড়ে প্রায় দুই শতাধিক কর্মী বাংলাদেশ থেকে ইরাক যাচ্ছে। এ সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর বিমান পরিবহন সাশ্রয়ী করতে ইরাকি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ১৯৮৮ সালে দু’দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির আলোকে দু’দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব। মন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
-তথ্য বিবরণী