মো. রাকিবুল ইসলাম
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শক মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোরসহ নওগাঁর ব্যান্ডদল নষ্ট নীড় ও মীরাক্কেল খ্যাত তানভীর। এর আগে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের শপথবাক্য পাঠ করান সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় র্যাব ১২-এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।