পাকিস্তানের সহজ জয়
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:২৪
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান কে? ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, এভিডি ভিলিয়ার্স থেকে শুরু করে অনেকগুলো নামই আসতে পারে। কিন্তু, পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সেরা ব্যাটসম্যান হলেন ব্রেন্ডন ম্যাককালাম। ফরম্যাটটির দু’হাজার রানের ক্লাবে যোগ দেয়া প্রথম ব্যাটসম্যান হতে যাচ্ছেন তিনি। দাঁড়িয়ে আছেন মাত্র ৪১ রান দূরে।
গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আবারও ঝলসে উঠলো তার ব্যাট। কিন্তু এক ম্যাককালাম দিয়ে আর ম্যাচ জয় হয় না। সেটা হলও না। হতে দিল না কামরান আকমল আর মোহাম্মদ হাফিজের দুই হাফ সেঞ্চুরি। ফলাফল, এক বল হাতে রেখে পাকিস্তান ছয় উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেল প্রথম প্রস্তুতি ম্যাচ।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের এক ম্যাককালামই ঝলসে উঠতে পেরেছিলেন। দ্বিতীয় ওভারে ১৪ রানের মাথায় কেন উইলিয়ামসন আউট হয়ে ফিরে গেলে ব্যাট করতে নামেন এই ব্ল্যাক ক্যাপ অধিনায়ক। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৯ রান। আর কোন ব্যাটসম্যানই বলার মতো রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে কলিন মানরোর ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ম্যাককালামের সৌজন্যেই নয় উইকেট হারিয়ে ১৪৫ রান করে নিউজিল্যান্ড।
চার ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন পেসার উমর গুল। আর দুটি উইকেট পান আরেক পেসার মোহাম্মদ তালহা। এছাড়া একটি করে উইকেট পান সোহেল তানভির, জুলফিকার বাবর, সাঈদ আজমল ও বিলওয়াল ভাট্টি।
১৪৬ রানের টার্গেট টি-টোয়েন্টি ক্রিকেটে বড় কোন ব্যাপার নয়। আর নিউজিল্যান্ড বোলারদের নির্বিষ বোলিংয়ে কাজটা আরও সহজ হয়ে যায় পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য। অধিনায়ক মোহাম্মদ হাফিজ ৩৯ বলে ৫৫ ও কামরান আকমল ৪৫ বলে ৫২ রান করেন। এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে ম্যাচে কিছুটা হলেও প্রাণ ফিরে আসে। কিন্তু কোরি অ্যান্ডারসনের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলেই ১০ রান তুলে সব সম্ভাবনা নষ্ট হয়ে যায় নিউজিল্যান্ডের। নাথান ম্যাককালাম পান দুটি উইকেট। এছাড়া রুনি হিরা নিয়েছেন একটি উইকেট।