এশিয়ান গেমস হকি বাছাই

বাংলাদেশের প্রতিপক্ষ আজ সিঙ্গাপুর

এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে হারানো যতটা সহজ ছিল আজ সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলাটা অত সহজ মনে করছেন না বাংলাদেশ দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম। তিনি সিঙ্গাপুরকে শক্ত প্রতিপক্ষ মনে করেই মাঠে নামবেন। এ জন্য তিনি তার খেলোয়াড়দেরকে সতর্ক করে দিয়েছেন যেন ভুল না করে। কারণ সিঙ্গাপুরের বিরুদ্ধে ভুল করলে সেটা শুধরানো কঠিন হয়ে যাবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। এর আগে এই মাঠে বেলা ২টায় হংকং চায়না ও ইরান মুখোমুখি হবে। বাংলাদেশ কোচ কাল বলেন, ‘সিঙ্গাপুরের খেলোয়াড়দের ফিটনেস ভালো। তারা শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারায় খেলে যেতে পারে। তবে আমরা স্বাভাবিক খেলাটা খেলেই ম্যাচ জিতবো আশা করছি।’ প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ ৫-১ গোলে জিতলেও সেই ম্যাচে কিছু ভুল ত্রুটি চোখে পড়েছে কোচ নাভিদ আলমের। তিনি বলছেন ‘ভুলগুলো শুধরে নিয়ে খেলতে হবে। এখানে তিন চার জন নতুন খেলোয়াড় রয়েছেন। তাদের নিয়ে খেলতে হচ্ছে। আমার খেলোয়াড়রা হংকংয়ের বিরুদ্ধে তাড়াহুড়া করায় ভুল হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে। সেটা সিঙ্গাপুরের বিরুদ্ধে করলে খারাপ হতে পারে।’ গতকাল জাতীয় হকি দলের অনুশীলন ছিল না। তারা দলের হোটেলের সুইমিং পুলে কিছু সময় কাটায়। সিঙ্গাপুরের বিরুদ্ধে এর আগে সাত ম্যাচে ৫ জয়, ১ ড্র এবং ১ হার রয়েছে বাংলাদেশের। পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন সেটা তাকিয়ে দেখতে চান না। তার কাছে একটা একটা করে ম্যাচ জিতে এগিয়ে যাওয়াই লক্ষ্য। রবিবার বি গ্রুপে সিঙ্গাপুর ২-৩ গোলে ইরানের কাছে হেরেছে। ভালো খেলে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচটা হেরেছে। দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে সিঙ্গাপুর। গতকাল বাছাই হকির ম্যাচে ওমান ৩-২ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। গোল করেছেন বিজয়ী দলের বাসিম খাতার, বাইত সামাই মাহমুদ এবং বিজিত দলের উইরাসুরিয়া। হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে চাইনীজ তাইপে ২-১ গোলে হারিয়েছে কাতারকে। বিজয়ী দলের লিউ চিন কুন, লিন সে ইয়েন এবং বিজিত দলের স্যাভিও গোল করেছেন।