দ্রগবার স্ট্যামফোর্ডে ফেরা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:২৫
দিদিয়ের দ্রগবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে আজ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হচ্ছেন চেলসি। ২০১২ সালে চেলসি ছাড়ার পর গ্যালাতাসারাইয়ের এই আইভরিয়ান স্ট্রাইকারের এই ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন ঘটছে তার এক সময়ের হোম গ্রাইন্ডে। তবে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করার পর কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ স্বাগতিকদের বিরুদ্ধে কঠিন এক পরীক্ষাই দিতে হবে তুর্কী ক্লাবটিকে। এদিকে রাতের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে নামবে জার্মান ক্লাব শালকের বিরুদ্ধে। প্রথম লেগে ৬-১ গোলে জিতে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা।
চেলসির ইতিহাসে তো বটেই প্রিমিয়ার লিগের ইতিহাসেই অন্যতম সেরা বিদেশি খেলোয়াড় মানা হয় দ্রগবাকে। অলিম্পিক মার্সেই থেকে ২০০৪ সালে স্ট্যামফোর্ড ব্রিজে আসার পর এখানেই কাটিয়েছেন ক্যারিয়ারের সুবর্ণ সময়টি। প্রায় অখ্যাত এক স্ট্রাইকার থেকে হয়ে উঠেছেন আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা এক স্ট্রাইকার। দুটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চেলসিকে জিতিয়েছেন রোমান আব্রামোভিচের বহু আরাধ্য চ্যাম্প্যিয়ন্স লিগ শিরোপাও।
আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক বায়ার্ন মিউনিখের দর্শকদের স্তব্ধ করে দিয়ে ফাইনালে সমতাসূচক গোলটিও করেছিলেন তিনি। আর অতিরিক্ত সময় শেষে টাইব্রেকারে চেলসির জয়সূচক শটটিও এসেছিল তার পা থেকেই। ঐ ম্যাচের পরই চেলসিকে বিদায় জানানো দ্রগবা আজ একটু স্মৃতিকাতর না হয়েই পারেন না। তবে স্মৃতিকাতরতা ভুলে সফরকারি দলটি তাকিয়ে থাকবে তার কাছ থেকে দুর্দান্ত কিছু পারফরম্যান্সের দিকে।
এদিকে চলতি মৌসুমে চেলসিও আছে দুর্দান্ত ফর্মে। গত বছরের ২৭ নভেম্বর রিয়ালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ হারের পর তারা হারেনি একটি ম্যাচও। দ্বিতীয় দফায় চেলসির দায়িত্বে আসা হোসে মরিনহোর দল তুরস্কে ম্যাচের প্রথম লেগে ড্র করেছিল ১-১ গোলে। অর্থাত্, প্রতিপক্ষের মাঠে গোল করার বাড়তি সুবিধা মাথায় নিয়েই নামবে স্বাগতিকরা।
গ্যালাতাসারাইয়ের জন্য ভীতির কারণ আছে আরো একটি। জন টেরি-কাহিলদের সমন্বয়ে গড়া চেলসির রক্ষণভাগ এ মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে কম গোল হজম করেছে। অন্যদিকে, শেষ আটে যেতে হলে এই ম্যাচে দ্রগবা, ওয়েসলি স্লেইডার, ফিলিপে মেলোদের গোল করার কোন বিকল্প নেই। সব মিলে আক্রমণ-রক্ষণের দারুণ এক লড়াই আজ হয়তো অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।
এদিকে প্রিমিয়ার লিগের টেলিভিশন সময়সূচীর কারণে ইউরোপিয়ান পর্যায়ে ইংল্যান্ডের দলগুলোকে সমস্যার পড়তে হচ্ছে বলে ম্যাচের আগে অভিযোগ করেছেন মরিনহো। শনিবার অ্যাস্টন ভিলার সাথে ম্যাচের পর আজই আবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থাকায়, খেলোয়াড়দের পারফরম্যান্সে সেটা প্রভাব ফেলতে পারে জানিয়ে এই পর্তুগীজ বলেন, ‘টেলিভিশন অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ তাদের বাদ দিলে অনেক কিছুই পাল্টে যাবে। তবে এটাও সত্যি, ক্যালেন্ডারে আরো জায়গা আছে এবং যোগাযোগের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। আমার মনে হয় তাদের (উয়েফা) জিজ্ঞেস করা উচিত দুই আর তিন দিনের বিশ্রামের সুযোগ দেয়াটা একই কিনা। আপনি দিদিয়েরকে (দ্রগবা) জিজ্ঞেস করুন। লন্ডনে এই সফরের জন্য সে তিন দিন সময় পাচ্ছে। কারণ, সে তার সর্বশেষ লিগ ম্যাচ খেলেছে শুক্রবার।’
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল এবং করিম বেনজামার জোড়া গোলে প্রথম লেগে শালকেকে ৬-১ গোলে উড়িয়ে দেয়া রিয়াল নিশ্চিতভাবেই মাঠে নামবে অনেকটা নির্ভার হয়ে। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ক্লাবটির জন্য আরো আশাব্যঞ্জক তথ্য হচ্ছে, উয়েফার কোন টুর্নামেন্টে প্রথম লেগে হারের পর এখন পর্যন্ত দ্বিতীয় লেগে কোন ম্যাচে জিততে পারেনি শালকে। রিয়াল বাধাকে টপকানো একরকম অসম্ভব বলে ধরে নিয়েছেন সফরকারি অধিনায়ক বেনেডিক্ট হাওয়েডস। তবে সতীর্থরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে সমর্থকদের প্রতিশ্রুূতি দিয়েছেন তিনি, ‘আমরা মাথা উঁচু করেই বিদায় নিতে চাই। দু:খজনকভাবে রিয়ালের কাছে ৬-১ গোলের এক হারে আমাদের এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাটা শেষ হয়ে গেছে।’