ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতি মধুমতি ব্যাংকের

নতুন প্রজন্মের ব্যাংক মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের ফুটবলের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। কত টাকা দেয়া হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি ব্যাংকটি এবং বাফুফের কর্মকর্তারা। তবে সূত্রমতে মধুমতি ব্যাংক এজন্য প্রায় ৬০ লাখ টাকা দিচ্ছে। ব্যাংকের চেয়ারম্যান ফজলে নূর তাপস। গতকাল বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘এখানে স্পন্সর করছি তার কারণ ফুটবল এখনও আপামর জনগণের প্যাশন। আমরা ফুটবলকে সাপোর্ট দিতে চাই।’ ফুটবলে স্পন্সর করতে এসে সুযোগ পেলো কাবাডি। মধুমতি ব্যাংকের চেয়ারম্যান বলেন, জাতীয় খেলা কাবাডিকেও সাপোর্ট দিতে চাই আমরা। তার মানে এই নয় যে, অন্যান্য খেলাকে আমরা সাপোর্ট দেবো না। মধুমতি ব্যাংক সবার পাশেই থাকবে। ফুটবলের আগামী কার্যক্রমেও থাকবে।’ত্বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমাদের একটা খারাপ সময় যাচ্ছে এখন। এ সময় যদি এ ধরনের স্পন্সর আমরা পাই তাতে সার্ভাইভ করতে পারব।’ বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল বিশ্বে বছরে টার্নওভার দুই’শ বিলিয়ন ডলার। একজন ফুটবলার এখন সপ্তাহে পারিশ্রমিক পান গড়ে দুই কোটি টাকা। যদি সরকার এবং অন্য সবার সহযোগিতা পাই তাহলে এশিয়ার ফুটবলে আমরা উঠে আসবো, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি।’