স্বাধীনতা কাপ ফুটবল
মোহামেডান আবাহনী আবারও একই গ্রুপে
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:২৬
মোহামেডান এবং আবাহনী মধুমতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে একই গ্রুপে খেলবে । ফেডারেশন কাপ ফুটবলেও একই গ্রুপে ছিল এই দুই দল। লটারি ভাগ্যে আবার দেশের সেরা দলদুটি একই গ্রুপে লড়তে যাচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।
এবার স্বাধীনতা কাপ ফুটবল মাঠে গড়াবে ২২ মার্চ থেকে। এতে অংশ নেবে ১২টি দল। গতকাল সোমবার ফুটবল ফেডারেশনে স্বাধীনতা কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। তিন গ্রুপে তিনটি করে দল লড়াই করবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ৯ এপ্রিল ফাইনাল। শেখ রাসেল ক্রীড়া চক্র এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পেশাদার ফুটবল লিগের ১০ ক্লাবের সাথে চ্যাম্পিয়নশিপ লিগের দুই দল আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এ টুর্নামেন্টে অংশ নেবে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী এবং দ্বিতীয় ম্যাচে বিজেএমসি ও রহমতগঞ্জ মুখোমুখি হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিটল টাটা ফুটবল লিগে উত্তর বারীধারার বিরুদ্ধে শেখ জামালের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরই এই টুর্নামেন্ট শুরু হবে। এ গ্রুপে ঃ বিজেএমসি, সকার ক্লাব, রহমতগঞ্জ। বি গ্রুপে ঃ আবাহনী, মোহামেডান, আরামবাগ।
সি গ্রুপে ঃ শেখ জামাল, মুক্তিযোদ্ধা, উত্তর বারীধারা ক্লাব। ডি গ্রুপে ঃ শেখ রাসেল, ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী।