রাজশাহীতে যুবদল কর্মীর রগ কেটে দিল দুর্বৃত্তরা

জেলার চারঘাট উপজেলায় যুবদল কর্মী রকির (২২) হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা সদরের পিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। আহত রকি মিয়াপুর গ্রামের শমশের আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চিকিত্সক ও পুলিশের উদ্ধৃতি দিয়ে চারঘাট সংবাদদাতা এসএম মোজাম্মেল হক জানান, রকির ২ পায়ের হাঁটুর নিচে এবং গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া বাম হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে তার হাত-পায়ের রগ কেটে গেছে। তবে প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। অপারেশনের পর তার শারীরিক অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। চারঘাট মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, রবিবার রাত ১১টার দিকে রকি বাসায় ফিরছিলেন। এ সময় অন্ধকারে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরো বলেন, হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।