নেতৃবৃন্দের মুক্তি দাবিতে রাজধানীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৪৯
বিএনপি নেতাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসাবে গতকাল ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশ বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালায়, পুলিশের হামলায় বেশ কয়েকজন বিএনপি কর্মী আহত এবং ১০/১২ জন বিএনপি নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে বলে বিএনপি অভিযোগ করেছে। সকাল থেকেই বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে জলকামান এবং প্রিজনভ্যান সমেত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ধানমন্ডি থানা বিএনপি’র মিছিল বাংলাদেশ মেডিক্যালের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর রোডে এসে শেষ হয়। শাহ আলী থানা বিএনপি’র মিছিল রাইন খোলা বাজার থেকে শুরু হয়ে ঈদগাহ মাঠের সামনে আসলে পুলিশি লাঠিচার্জে ৪/৫ জন নেতাকর্মী আহত হয় এবং বিএনপি কর্মী টুটুল, আরমানকে গ্রেফতার করে পুলিশ। আদাবর থানা বিএনপি’র মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের হামলায় ৭/৮ জন আহত হয় এবং বিএনপি নেতা মাসুম বাবুল, নাজির আহমেদ, আনসার আলীকে গ্রেফতার করে পুলিশ।