ফটিকছড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৫০
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হালিমা খাতুন (৬০), পারভীন আক্তার (৩০) ও চেমন আরা বেগম (৬০)। তারা সবাই হারুয়ালছড়ি গ্রামের আমানবাজার এলাকার বাসিন্দা। আহত সাতজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মরিয়ম বেগম (৫৫), শারমিন আক্তার (১১), লাভলী আক্তার (১২), প্রমি (৯) ও সুমি আক্তার (১১)। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসী আত্মীয়কে আনার জন্য তারা চট্টগ্রাম বিমান বন্দরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বেলা সাড়ে ১২টার দিকে নাজিরহাট-কাজিরহাট সড়কের নাজিরহাট কলেজের উত্তর পাশে ব্রিকফিল্ড এলাকায় আসলে বিকট শব্দে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং পেছনের দিকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা পুরো গাড়িতে ছড়িয়ে যায়। সামনের সিটে বসা যাত্রীরা নামতে পারলেও পিছনের সিটে বসা তিন মহিলা নামতে পারেননি। এ সময় মাইক্রোবাস চালক পালিয়ে যায়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে নিহতদের আত্মীয়-স্বজন ও আশপাশের শত শত জনতা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, ভূজপুর থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। পরে পুলিশ নিহতদের পুড়ে যাওয়া কঙ্কাল এবং ভস্মিভূত হওয়া মাইক্রোবাস উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ভূজপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।