সব নির্বাচন দলীয়ভাবে করা উচিত :জয়
রংপুর প্রতিনিধি ও পীরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৫২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় বিদ্যমান উপজেলা আইন বাতিল করে সব নির্বাচন দলীয়ভাবে করা উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, স্বৈরাচাররা উপজেলা নির্বাচন নির্দলীয় করেছে। এ সুযোগে আদালতে নিষিদ্ধ জামায়াতও নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এটা লজ্জার। এ নির্বাচন কিভাবে নির্দলীয় হয়? ইউরোপ, আমেরিকা, কানাডা, ভারতসহ কোথাও কোনো নির্দলীয় নির্বাচন নেই। তাই স্বৈরাচারীদের আইন বাতিল করে সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে জয় এসব কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও কেক কাটেন। পরে তিনি পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
সভায় সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তখন কেউ হারাতে পারে না। তিনি বলেন, আমরা বাংলাদেশে কোনদিন কোন দুর্নীতির সাথে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। আমরা এ মহান নেতার (বঙ্গবন্ধু) কোন দিনই কোন বদনাম হতে দেব না। তিনি আরো বলেন, আমার মা আমাকে বলেছিলেন-এসো তোমাকে মন্ত্রী বানিয়ে দেই। আমি বলেছি আগে দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করবো। ভোট ও পদ- ওগুলো পরে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দিপু, হুইপ ইকবালুর রহিম, আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, শিবলী সাদিক এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে গতকাল বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, রংপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।