রামপুরায় ব্যাংকারের রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৫২
রাজধানীর রামপুরায় শামীমা আক্তার লিজা (৩১) নামে এক ব্যাংকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সাউথ-বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের মতিঝিল শাখার ক্যাশ অফিসার ছিলেন। গত রবিবার রামপুরা বনশ্রী আবাসিক এলাকার এক বাড়ির ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
রামপুরা থানার ওসি জানিয়েছেন, ব্যাংকের লেনদেনকে কেন্দ করে মানসিক দুশ্চিন্তায় ওই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে। লিজার স্বামী আসাদুজ্জামান ব্র্যাক ব্যাংক মতিঝিল শাখার সিনিয়র কর্মকর্তা।
পুলিশ ও পারিবারিকসূত্র জানায়, লিজা ওই ব্যাংকে কয়েক মাস আগে যোগ দেন। গত বৃহস্পতিবার বিকালে ব্যাংকের ক্যাশ শাখায় লেনদেন হিসাব মিলাতে গিয়ে ১০ হাজার টাকার গরমিল পান। পরে তিনি ওই ১০ হাজার টাকা নিজের কাছ থেকে জমা দিয়ে ওই দিনের হিসাব মিলিয়ে দেন। রবিবার সকালে কাজে যোগ দেয়ার পর ওই শাখার ম্যানেজার (অপারেশন) তার কাছ থেকে টাকা গরমিলের ব্যাপারে লিখিত বক্তব্য চান। এ নিয়ে উভয়ের মধ্যে বেশ কয়েকবার বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি টাকা চুরির অপবাদ দিয়ে লিজাকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করার হুমকি দেন। সন্ধ্যায় লিজা বাসায় ফিরে যান। রাতে লিজার স্বামী আসাদুজ্জামান বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে আটকানো রয়েছে। অনেক ডাকাডাকি করে দরজা না খুললে, তিনি পুলিশকে খবর দেন। রামপুরা থানার পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে বেডরুমে সিলিং ফ্যানের সাথে লিজার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এদিকে লিজার মৃত্যুর ঘটনায় তার মামা শেখ জওহারুল ইসলাম বাদী হয়ে রামপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। রামপুরা থানার ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা নেয়া হলেও মৃতের পরিবারের পক্ষ থেকে যদি আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ করা হয়, এক্ষেত্রে সেভাবে মামলাটি তদন্ত করা হবে।