চাটখিলে ছাত্রদল নেতা ও যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নে পশ্চিম দেলিয়াই গ্রামের পুকুর এবং খাল থেকে গতকাল সোমবার সকালে মিকাইল হোসেন আকাশ (২২) এবং আল-আমিন (৪০) নামে ২ জনের লাশ পাওয়া গেছে। দেলিয়াই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল ভোরে ফজরের নামাজের সময় মুসল্লিগণ মসজিদে যাওয়ার সময় দেলিয়াই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল ওদুদ ভুঁইয়ার বাড়ির পুকুরে এবং পাশেই মোল্লাবাড়ীর সামনের খালে লাশ দেখতে পায়। এই খবর ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ দুটি তুললে একজনের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সে উপজেলার ফাওড়া গ্রামের মিদ্দাবাড়ীর আব্দুস সাত্তারের ছেলে মিকাইল হোসেন আকাশ। থানায় নেয়া হলে দ্বিতীয়জনের পরিচয় পাওয়া যায়। সে চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আমিরুল ইসলাম রাজার ছেলে আল-আমিন। আকাশ ফাওড়া এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। আল-আমীন যুবলীগের স্থানীয় কর্মী। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু। দুজনের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। ২ লাশের গায়ে অসংখ্য ছুরির আঘাত ও গুলির চিহ্ন রয়েছে। দেলিয়াই এলাকার কয়েকজন গ্রামবাসী জানান, তারা রাত আনুমানিক ২ ঘটিকার সময় কয়েক রাউন্ড গুলির আওয়াজ শুনতে পায় ও সকালে দুজনের লাশ পাওয়া যায়। কয়েকটি সিএনজিতে করে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী আকাশ ও আল-আমিনকে ধরে এনে হত্যা করে এদের লাশ খালে এবং পুকুরে ফেলে চলে যায়। এ ঘটনার পর দেলিয়াই এলাকার লোকজনের মধ্যে চরম আতংঙ্ক ও উত্কণ্ঠা বিরাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।