আজ আবুল মনসুর আহমদের ৩৫তম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৪
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদের সম্পাদক ছিলেন এবং তত্কালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায় কাজ করেছেন। আবুল মনসুর আহমদ শের-এ-বাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
তার রচনাসম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রূপাত্মক রচনাবলী-আয়না, আসমানী, পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফারেন্স। তার আত্মজীবনীমূলক দুইটি গ্রন্থ হচ্ছে-‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’। আবুল মনসুর আহমদ চল্লিশ, পঞ্চাশ ও ষাট দশক জুড়ে ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে যে অবিরাম প্রচারণা চালিয়েছিলেন তা তুলনাহীন। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতা। বাংলা একাডেমি সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র নিয়ে ৩ খণ্ড প্রকাশ করেছে। আরো ৩ খণ্ড প্রকাশিতব্য রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি