জ্যেষ্ঠ নেতাদের কারাগারে পাঠানো শিষ্টাচার বহির্ভূত
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৭
বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার বিকেলে বিএনপির কারাবন্দি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেন। পরে বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের কারাগারে পাঠানো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেন বি. চৌধুরী। পরে বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসদের যে কোনো সময় ডাকলেই পাওয়া যায়। তারা পালানোর লোক নন। তাদের রাজপথে বক্তব্য দেয়ার সুযোগ দিতে হবে। কারাগারে না পাঠিয়ে বাইরেই তাদের জিজ্ঞাসাবাদ করা যেত। তিনি আরও বলেন, মির্জা ফখরুলের শারীরিক কিছু সমস্যা আছে।