ফারহানের পথ চলা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৩৬
এ ক ধা প এ গি য়ে
আত্মবিশ্বাস সাফল্যের একটি বড় হাতিয়ার। এটিই মনে করেন ফারহান। গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিবিএ শেষ সেমিস্টারে অধ্যয়নরত ছেলেটা। ফারহানের সম্বন্ধে তার সহপাঠীদের বক্তব্য, একজন মানুষের এতগুণ থাকতে পারে? একাধারে গান, নাচ, অভিনয়, কৌতুক, বিতর্ক, আবৃত্তি প্রভৃতি সংস্কৃতির সকল বিষয়ে ফারহানের চূড়ান্ত সাফল্যই এমনটি বলার কারণ। ময়মনসিংহে জন্ম নেয়া এই মেধাবী তরুণ বেড়ে উঠেছেন ঢাকার উত্তরায়। ছোটবেলা থেকেই শুরু হয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সফল পদচারণা।
উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও মাইলস্টোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। স্কুল ও কলেজে থাকাকালীন সময়ে একজন চৌকস স্কাউট লিডার এবং কলেজ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। তখন থেকেই বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। জাতীয় প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার জিতেছেন। গ্রীন ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর থেকে সবার চোখের মনি হয়ে ওঠেন তিনি। ২০১৩ সালে গ্রীন ইউনিভার্সিটির সাংস্কৃতিক সপ্তাহে নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে একাই ১০টি পুরস্কার অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেন। এর মধ্যে ১ম পুরস্কার ছিল ৭টি, ২য় পুরস্কার ২টি এবং ৩য় পুরস্কার ১টি।
তার এমন অবিশ্বাস্য পারফরমেন্সের কারণে তাকে ‘বেস্ট পারফরমার অব দি কালচারাল উইক’-এর খেতাব দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এরই মধ্যে জাতীয় পর্যায়ে বেশ কয়েকটি টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করেছেন এই তরুণ তুর্কি। ফারহান দেশের প্রথম সারির বেসরকারি একটি চ্যানেলে অনুষ্ঠিত দেশের একমাত্র স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো ‘হাসো সিজন টু’তে শীর্ষস্থানীয় ১২ জন প্রতিযোগীর একজন হবার গৌরব অর্জন করেন।