আমার প্রিয় স্কুল
কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৩৯
সাদিক ইভান, দশম শ্রেণি, সদস্য নম্বর :৩৫০৮
জেলা শহর গাজীপুর থেকে ২৪ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি উপজেলা, নাম শ্রীপুর। আর সেখান থেকে ১৮ কি.মি. উত্তরে শহুরে কোলাহল মুক্ত গ্রামীণ ঐতিহ্যে সমৃদ্ধ, সবুজ-শ্যামল প্রকৃতিতে ঢাকা নীরব নিথর একটি গ্রাম নাম, কাওরাইদ। এই গ্রামে দাঁড়িয়ে আছে ৮৫ বছরের পুরানো বিদ্যাপীঠ নাম, কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়। পুরানো ইতিহাস থেকে জানা যায়, বিশিষ্ট সমাজ সংস্কারক ও ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ব্রিটিশ সরকার প্রদত্ত সম্মানসূচক ‘নাইট’ উপাধিপ্রাপ্ত স্যার কেজি গুপ্ত ১৯২৯ সালের ১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা শ্রীপুরের কাওরাইদে সুতিয়া নদীর তীরে তার বাবা প্রখ্যাত বাহ্মণধর্মীয় নেতা ও সঙ্গীতজ্ঞ কালি নারায়ণ গুপ্তের নামে প্রতিষ্ঠা করেন কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার কেজি গুপ্তকে সহযোগিতা দিয়েছিলেন তার মামাতো ভাই কোরআন শরীফের সর্ব প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন ও ভাগিনা ‘মোদের গরব’ মোদের আশা আমরি বাংলা ভাষা’-এই অমর গানের স্রষ্টা অতুল প্রসাদ সেন। শোনা যায়, অতুল প্রসাদ সেন বিখ্যাত ওই গানটি কাওরাইদ এলাকায় অবস্থানকালে কাচারি বাড়ির বাংলোতে বসে লিখেছিলেন এবং বর্তমানে অতুল প্রসাদ সেনের সমাধি কাওরাইদেই রয়েছে। কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়টি ৩ একর ৭৩ শতাংশ জমির উপর নির্মিত। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই বিদ্যালয়ের সামনে রয়েছে বিশাল খেলার মাঠ আর কাঁঠাল বাগান। এবং পাশে রয়েছে কাওরাইদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়তন এবং বয়সের দিক থেকে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়টি শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে প্রশংসনীয় এবং পুরানো। স্কাউট, গান, নাচ, খেলাধুলার দিক থেকে বিদ্যালয়টির অবস্থান খুবই ভালো। প্রতি বছর বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় দিবসগুলোর অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জাতীয় শোক দিবসে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়টিতে একটি বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও একটি কম্পিউটার ল্যাবসহ ১৫টি কক্ষ রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২ হাজার ১ শত শিক্ষার্থী ও ১৭ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
বিদ্যালয়টির সাংস্কৃতিকমনা শিক্ষক আমির উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীদের উত্সাহ দেন এবং শেখান।