চার প্রজন্মের শিল্পী এক নাটকে

মাইনুল হাসান খোকন এর আগে ‘জীবন সংসার’ নামের একটি মেগাসিরিয়াল দিয়েই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন। এশিয়ান টিভিতে ভারতীয় বাংলা সিরিয়ালের সাথে যুদ্ধ করে এই সিরিয়ালটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। তারই অনেকটা সিক্যুয়েল হিসেবে এবারে তিনি তৈরি করছেন ‘জীবনের গল্প’। সংসার-পরিবারের টানাপোড়েন নিয়ে তৈরি এই গল্পে এবারে অভিনয় করেছেন তিন প্রজন্মের শিল্পী শর্মিলী আহমেদ, অরুণা বিশ্বাস, দিতি ও বাঁধন। মূলত ‘জীবন সংসার’ মেগাসিরিয়ালের মাধ্যমেই এর আগে বাঁধন নতুন করে কামব্যাক করেছিলেন মিডিয়াতে। এবারেও জীবনের গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন তিনি। নিজের নতুন এই মেগাসিরিয়াল প্রসঙ্গে খোকন বলেন, ‘সংসারের গল্পে নাটক তৈরি করা অনেক কঠিন। কারণ প্রতিদিনের সামাজিক ও পারিপার্শ্বিকতা নিয়ে এর গল্প বদল হয়। এবারেও সেভাবেই আমরা কাজ করছি। দর্শকরা যাতে বুঝবে না এটি কোনো নাটক। এটা অনেকটা তার দৈনন্দিন গল্পের মতোই। ‘জীবন সংসার’-এর সাফল্যের পর দর্শক প্রত্যাশার চাপটা বেশি তারপরও আমি বলব এই নাটকটিও দর্শকদের কাছে অন্যরকম এক মাত্রা তৈরি করবে।’ ১০৪ পর্বের এই মেগাসিরিয়ালের এরই ভেতরে জমকালো সেট তৈরি করে শুটিং শুরু হয়ে গেছে। খুব শিগগিরই এশিয়ান টিভিতে এর প্রচার শুরু হবে।