আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারযাব প্রদেশের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন বেসামরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২৭ জন। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর। প্রদেশটির গভর্নর মোহাম্মাদুল্লাহ বাতাস জানিয়েছেন, এ হামলার ঘটনায় অসংখ্য মানুষ নিহত হয়েছে। তিনি আরো জানান, হাটের দিন হওয়ায় প্রত্যেকেই বেচাকেনায় ব্যস্ত ছিল। আর তখনই বিস্ফোরণটি ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি রুটি কেনায় ব্যস্ত ছিলাম। ঠিক এমন সময়ে একটি বিকট জোরে শব্দ পেলাম। আর তাকিয়ে দেখি, আমার চারপাশে শুধু মৃতদেহ এবং রক্ত। এদিকে কি কারণে এ হামলা ঘটানো হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান গভর্নর মোহাম্মাদুল্লাহ। মার্কেটের প্রবেশপথ দিয়ে মোটর সাইকেলে করে হামলাকারীরা তল্লাশি চৌকির দিকে যাওয়ার সময় তারা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। হামলার দায়-দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। আগামী ৫ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যখন প্রস্তুতি চলছে তখন এমন একটি সময়ে এ হামলার ঘটনা ঘটলো।