নদীভাঙ্গা মানুষ জমি ও বাড়ি ফিরে পেল

একসময় আমার কিছুই ছিল না। সর্বনাশা যমুনা নদীর ভাঙ্গন আমার বসতবাড়ি, ফসলী জমি ও গৃহপালিত পশুসহ সব ভাসিয়ে নিয়ে গেছে এবং আমাকে নিঃস্ব করেছে। এখন আমার বাড়ির চাহিদা পূরণ হয়েছে। এখন আমি আমার অন্যান্য চাওয়া পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যাতে করে আমি আমার পরিবার নিয়ে সুখে থাকতে পারি। কথাগুলো বলছিলেন জেলার বেলকুচি উপজেলার ঠাকুরপাড়া শান্তির নীড় গুচ্ছগ্রামের নূর মোহাম্মাদের স্ত্রী শাহিনুর খাতুন (৩৫)। কোহিনুর আরো বলেন-তার দীর্ঘদিনের চাওয়া একটি বাড়ি স্বপ্ন এখন পূরণ হয়েছে এবং তিনি এখন একখণ্ড জমিরও মালিক হয়েছেন। ফলে সন্তান-সন্ততি নিয়ে তিনি এখন সুখেই দিনাতিপাত করছেন। জুরিখ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের ভিটুআর প্রকল্পের আওতায় মানবমুক্তি সংস্থা ঠাকুরপাড়ায় ৫২ শতক জায়গার উপর একটি গুচ্ছগ্রাম স্থাপন করে প্রায় ২৫টি ভূমি ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে দিয়েছে। তাদেরকে দিয়েছে আশ্রয়, মাথা গোঁজার ঠাঁই।