পৃথক দুর্ঘটনায় নিহত ৭
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২১:৪২
দেশের কয়েক স্থানে বিভিন্ন দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নেত্রকোনায় ডিগ্রী পরীক্ষার্থী নিহত
ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নের পাবই এলাকায় সোমবার খাদিজা বেগম (২১ ) নামে পূর্বধলা রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের এক ডিগ্রি পরীক্ষার্থী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। সে পূর্্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের গাইলাড়া গ্রামের ইসলামউদ্দিনের কন্যা।
পার্বতীপুরে শিক্ষক নিহত
দিনাজপুর-ফুলবাড়ী মহসড়কের পার্বতীপুর উপজেলার আমবাড়ী শিবপুরী নাম স্থানে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোতাহার আলী (৩২) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিহত হয়েছে। তিনি পার্বতীপুর উপজেলার তেরোআনিয়া গ্রামের মৃত সামসুদ্দিন সরকারের পুত্র বলে জানা যায়।
পূর্বধলায় কলেজ ছাত্রীর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সোমবার ট্রেনে কাটা পড়ে খাদিজা আক্তার (২১) নামের এক কলেজ ছাত্রী মারা গেছে। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের গায়লারা গ্রামের ইসলামউদ্দিনের মেয়ে ও পূর্বধলা রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী।
বড়াইগ্রামে স্কুলছাত্রের মৃত্যু
নাটোর বড়াইগ্রাম উপজেলার পারকোলে সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কাওছার (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাওছার পারকোল গ্রামের তারাজুল ইসলামের ছেলে এবং পারকোল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
তারাগঞ্জে শিশু নিহত
পাকা ভবনের ছাদ থেকে পড়ে ৫ বছরের শিশু মাহাবুল হক মারা গেছে। রংপুরের তারাগঞ্জে উপজেলার চিলাপাক গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা বাড়ি বদরগঞ্জ উপজেলার পলাশপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল মান্নান। সোমবার নানা বাড়ির পাশে চিলাপাক উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পাকা ভবনের ছাদে শিশুটি সিঁড়ি দিয়ে উঠে। সেখান থেকে নামার সময় হঠাত্ পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওইদিন দুপুরে মারা যায়।
চান্দিনায় শিশু নিহত
গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন এলাকার পশ্চিমে রাস্তা পারাপারের সময় খায়রুল নেছা তন্নী (৬) নামে এক শিশুকে ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। তন্নী দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের প্রবাসী খোকনের মেয়ে।
দিনাজপুরে স্কুলশিক্ষক নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিবপুরে ট্রাকের চাপায় স্কুলশিক্ষক মোতাহার হোসেন বাপ্পী (৪০) নিহত হয়েছেন। সোমবার আমবাড়ী অসুরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোতাহার হোসেন বাপ্পী মোটরসাইকেলযোগে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে স্কুলে যাওয়ার পথে দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলার শিবপুরে ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন।