রূপগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ ভাংচুর, লুটপাট, আহত-৩০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ও বলাইখা এলাকায় গত সোমবার দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ভুলতা পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিয়াজুল ইসলাম, গোলাকান্দাইল গ্রামের খোরশেদ আলম, মোস্তফা, শাকিলসহ ৩০জনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আল রাফি ও ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাকান্দাইল গ্রামের দাউদের বাড়ির চালায় গত সোমবার বলাইখা গ্রামের মাসুদ ঢিল ছুঁড়ে। এতে ক্ষিপ্ত হয়ে দাউদের ছেলে খোরশেদ আলম বলাইখা গ্রামের মাসুদকে মারধর করে। এ বিরোধকে কেন্দ্র করে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বলাইখা গ্রামের আব্দুল কাইয়ুমের মুদি দোকান, ফ্রিজ, টেলিভিশন ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।