বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২১:৪২
দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি ও দোকানপাট ভস্মিভূত হয়েছে। —খবর ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মহম্মদপুরে আগুনে
২৫ ঘর ভস্মীভূত
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামে রবিবার অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ২৫টি ঘর ভস্মীভূত হয়েছে। রাতে গ্রামের আক্কাচ মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১১টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মারা গেছে তিনটি গরুসহ ২৫ লক্ষাধিক টাকার সম্পদ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- ফরিদ, মিন্টু, মিলন, রিপন, সুজন, বাশার, কাঞ্চন, আক্কাচ, হেদায়েত, বেগম ও আকিনা খাতুন।
বড়বাজারে ১০ দোকান
আগুনে ভস্মীভূত
কিশোরগঞ্জের বড়বাজার এলাকায় রবিবার রাতে এক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে একটি ছাতার দোকানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান জানান, ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা হবে।
কসবায় পুড়ে গেছে
৪৮ দোকান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে ছোট-বড় ৪৮টি দোকান পুড়ে গেছে। রবিবার রাতে বৈদ্যুতিক সটসার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। ব্রাহ্মণবাড়িয়া ও কুটি চৌমুহনী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
সাতক্ষীরায় আগুনে পুড়ে
গেছে ৩ দোকান
সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত একটার দিকে শহরের শহীদ কাজল সরণীতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম জানান, তারা রাত সাড়ে ১১টার দিকে দোকানে তালা মেরে বাড়িতে যান।
সৈয়দপুরে ৬ পরিবারের
বসতবাড়ি পুড়ে ছাই
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ছইল গ্রামে অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের রবিউল ইসলামের বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়ে পাশের মন্টু, মিজানুর, সিরাজুল, ফয়জুল ও কাদেরের বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৪/১৫টি টিন ও খড়ের ঘর পুড়ে যায়।