নির্বাচনী প্রচারণায় মুখর ফুলবাড়ি ও বোচাগঞ্জ

৪র্থ দফায় দিনাজপুরের ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলার নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতাকর্মীরা দিন-রাত নির্বাচনী প্রচারাভিযানে মুখরিত করে রেখেছেন হাট-বাজার, পাড়া-মহল্লা, জনপদ আর চায়ের দোকান। নিজেদের প্রার্থীদের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে চলছে নানামুখী তত্পরতা। আগামী ২৩ মার্চ রবিবার ৪র্থ দফায় দিনাজপুর জেলার ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলার নির্বাচন। ফুলবাড়ী উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান এমপি’র নিজস্ব উপজেলা। তাই আওয়ামী লীগ এখানে মর্যাদার লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে। অপরদিকে বিএনপি’র শক্ত অবস্থান রয়েছে এই উপজেলায়। ফুলবাড়ীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মন্ত্রীর ছোট ভাই ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (দোয়াত কলম)। বিএনপি’র প্রার্থী উপজেলা সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি (আনারস) আর জাতীয় পার্টির প্রার্থী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম (মোটর সাইকেল)। অপরদিকে বোচাগঞ্জে, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এরা হচ্ছেন— বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু (দোয়াত কলম), বিএনপি’র ফয়জুল আলম চৌধুরী বাবলু (মোটর সাইকেল), জাতীয় পার্টির দিনাজপুর জেলা যুব সংহতির সভাপতি এ্যাডঃ জুলফিকার হোসেন (আনারস) এবং আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান ভাইস চেয়ারম্যান বীর ভদ্র রায় (ঘোড়া)। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলার নির্বাচনকে ঘিরে উত্সব আর আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।