নাসিরনগরে আশাবাদী আওয়ামী লীগ, বিপাকে বিএনপি

গণসংযোগ আর মাইকিং-পোস্টারিংয়ের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ইতিমধ্যেই প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে উপজেলার মানুষের মধ্যে বিরাজ করছে উত্সবের আমেজ। ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে নাসিরনগর উপজেলায় ৭৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে মুখ খুলছেন না ভোটাররা। বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে বিগত নির্বাচনে জোট থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। আর একারণেই নিশ্চিত হতে পারছেন না বিএনপি সমর্থিতরা। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় দাবি করা হলেও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দু’দলেই একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি জোটের শরীক দল বিজেপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ৪ দলীয় জোট থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টার (ঘোড়া) প্রতীক নিয়ে উপজেলা নির্বাচনে লড়ছেন। এদিকে আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার (আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নাকে (প্রজাপতি), উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান(মোটর সাইকেল),ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাতলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন(চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুত্ফুর নাহার পাপড়ি (কলস) দলীয় মনোনয়ন পেয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এদিকে দলীয় ঘোষণাকে উপেক্ষা করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছোয়াব খানও (উড়োজাহাজ) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এবারের নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াতের কোন প্রার্থী নেই। উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩১২ জন।