নিজেকে ঝালিয়ে নিলেন গেইল
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২১:৫৬
প্রায় চার মাসের বিরতির পর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে এ মাসের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবার মাঠে ফেরেন ক্রিস গেইল। টি-টোয়েন্টির অন্যতম বড় এই তারকা দলে ফিরেই ঘোষণা করেছিলেন, ‘অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলাম। এখন সময় এসেছে আবার দর্শকদের বিনোদন দেবার। যারা এত কষ্ট করে মাঠে আসেন তাদের মন খারাপ করে যেন বাড়ি ফিরতে না হয়, সেই চেষ্টাই করবো।’ এবার আর মুখে নয়, ব্যাট হাতেই নিজের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত দিলেন তিনি। আর গেইলের স্বভাবসুলভ ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গতকাল ফতুল্লায় ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।
দুই পেসার ক্রিসমার স্যানতোকি ও স্যামুয়েল বদ্রির দারুণ বোলিং শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। কেভিন পিটারসেনের অকাল অবসরের পর চোটের কারণে ব্যাটিং-বোলিংয়ে দলের অন্যতম প্রধান দুই অস্ত্র স্টুয়ার্ট ব্রড ও জো রুটকে হারানো দলটি সেই চাপ থেকে বের হতে পারেনি পুরো ইনিংসেই।
ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ সেরা হওয়া মাইকেল লাম্ব বিদায় নেন প্রথম ওভারেই। তিনটি চার হাঁকিয়ে বড় কিছুর ইঙ্গিত দিয়ে ম্যাচ শুরু করা এই বাঁহাতি ১৪ রান আউট হয়ে যান ওভারের শেষ বলে। এরপর শেলডন কটরেল মঈন আলীকেও তুলে নিলে আরো বিপদে পড়ে যায় টি-টোয়েন্টির এক সময়ের শিরোপাধারী দলটি। এওয়িন মরগান এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে দাঁড়াতে পারছিলেন না কেউই।
নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ডের ইনিংস থামে সাত উইকেটে ১৩১ রানে। চারটি চার ও একটি ছয়ে ৪৩ রানে অপরাজিত থাকেন ইনিংসের সর্বোচ্চ স্কোয়ার অধিনায়ক মরগান। স্যানতোকি নেন তিনটি উইকেট।
ছোট লক্ষ্যের তাড়ায় নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান গেইল ও ডোয়াইন স্মিথ শুরু থেকেই চড়াও হন প্রতিপক্ষের উপর। ৮.৩ ওভার স্থায়ী জুটিতেই ওঠে ৭৮ রান। এরপর স্মিথ জেমস ট্রেডওয়েলের শিকারে পরিণত হলেও আগ্রাসন চালিয়ে যান গেইল। সাতটি উইকেট আর প্রায় চার ওভার হাতে রেখে ক্যারিবীয়রা যখন জয়ের বন্দরে পৌঁছায় গেইল তখন অপরাজিত ৫৮ রানে। ৩৮ বলে গড়া এই ইনিংসে ছয়টি চারের পাশাপাশি ছিল একটি ছয়ও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আজই মিরপুরে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে টি-টোয়েন্টির শিরোপাধারী দলটি। দুপুর ৩.৩০ এ এই ম্যাচের পর একই ভেন্যুতে সন্ধ্যা ৭.৩০ এ ইংল্যান্ড খেলবে ভারতের বিরুদ্ধে।