তবু আত্মবিশ্বাসী ময়েস
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২১:৫৭
ইংলিশ প্রিমিয়ার লিগ তো বটেই, চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেড আছে নিজেদের ছায়া হয়ে। লিগ টেবিলের শীর্ষ দল চেলসির চেয়ে ১৮ পয়েন্ট কম নিয়ে ইউনাইটেড আছে সপ্তম স্থানে। এফএ কাপ আর লিগ কাপ থেকে বিদায় নিতে হয়েছে আগেই। আর লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে লিভারপুলের কাছে ৩-০ গোলের পরাজয়ে সর্বশেষ ধাক্কাটা খেয়েছে ডেভিড ময়েসের দল। প্রথম লেগে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকা দলটি আজ রাতে ওল্ড ট্রাফোর্ডে নামবে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নেয়ার শঙ্কা নিয়ে। তবে ময়েস বলছেন,শুরুটা ভালো হলে ইউনাইটেডের সামনে সুযোগ রয়েছে শেষ আটে যাওয়ার। এদিকে প্রথম লেগে ৪-২ গোলে এগিয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড রাতের অন্য ম্যাচে মুখোমুখি হবে জেনিথ সেন্ট পিটার্সবার্গের।
সান্দারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে লিগ কাপ থেকে। আর এফএ কাপের তৃতীয় রাউন্ডে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্ট থেকেও। লিগ শিরোপা জেতা দূরে থাক, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে কিনা ইউনাইটেড সমর্থকদের মনে এখন সেই শঙ্কা। কারণ, লিগের ২৯ তম রাউন্ড শেষে ইউনাইটেড অবস্থান করছে সপ্তম স্থানে। আর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে শীর্ষ চারের মধ্যে থেকে লিগ শেষ করতে হবে তাদের। স্যার অ্যালেক্স ফার্গুসন পরবর্তী যুগে রেড ডেভিলদের অবস্থা এক কথায় শোচনীয়ই বলা চলে। আজ রাতে যদি অলিম্পিয়াকোচের বিরুদ্ধে দুই গোলের ব্যবধান ঘোচানো না যায়, তাহলে প্রায় নিশ্চিত হয়ে যাবে শিরোপাহীন একটা মৌসুমই কাটাতে হচ্ছে প্রিমিয়ার লিগ শিরোপাধারীদর। তবে সব খোয়ানোর দ্বারপ্রান্তে থেকেও আশা হারাচ্ছেন না ময়েস। যদিও ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুমে কঠিন এক পরীক্ষাতেই পড়েছেন তিনি সেটা মানতে আপত্তি নেই এই সাবেক এভারটন কোচের, ‘আমাদের প্রথম মিনিট থেকেই ঝাপিয়ে পড়তে হবে। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব দুই গোলের ব্যবধানটা ঘুচিয়ে দেয়া। তবে তাই বলে আমাদের অপরিনামদর্শী হলে চলবে না। এমনটা ভাবা উচিত নয় যে, আমাদের একটা পাহাড়ে চড়তে হবে। তবে আক্রমণাত্মক হবার কোন বিকল্প নেই। যদি নিজেদের আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখতে চাই তাহলে অবশ্যই আক্রমণাত্মক হতে হবে।’
ইংল্যান্ডে আগের ১১ সফরে একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি অলিম্পিয়াকোস। তবে গ্রিক ক্লাবটি অতীতের যে সময়ের চাইতে নিশ্চিতভাবেই অনেকটা আত্মবিশ্বাসী থাকবে এবার। কারণ, গত ম্যাচে প্যানাথিয়াকোসকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা। এর বিপরীতে গত ম্যাচে লিভরপুলের কাছে বিধ্বস্ত হওয়া ইউনাইটেডের আত্মবিশ্বাস থাকবে শূন্যের কোঠায়।
এদিকে প্রথম লেগে জেনিথকে ৪-২ গোলে উড়িয়ে দেয়া বরুশিয়া নিশ্চিতভাবেই আজ থাকবে সুবিধাজনক অবস্থানে। টুর্নামেন্টের রানার্সআপ দলটি রাশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলে সেটা অঘটন বলেই বিবেচিত হবে। বরুশিয়া কোচ জার্গেন ক্লপ নিশ্চিত করেছেন শক্তিশালী একাদশ নিয়েই সিগন্যাল ইদুনা পার্কে নামছেন তারা।