রজার্সকেই চান জেরার্ড
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২১:৫৮
ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ ফোরের’ মধ্যে তারাই একমাত্র দল, ১৯৯২ সালে ‘ইংলিশ প্রিমিয়ার লিগ’ নামে চালু হওয়ার পর থেকে যারা লিগ শিরোপা জিততে পারেনি। চেলসির চাইতে এক ম্যাচ কম খেলে তাদের চাইতে চার পয়েন্ট কম নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সামনে এই মৌসুমে দারুণ সুযোগ সেই শিরোপা খরা ঘোচানোর। আর সেটা করতে কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গে অচিরেই চুক্তি বৃদ্ধি করতে ক্লাব মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্টিফেন জেরার্ড। বহুদিন ধরেই অল রেডদের অধিনায়কের আর্মব্যান্ড পরে আসা এই মিডফিল্ডার বলেছেন, ‘যখন আপনি অভিজ্ঞ হবেন, তখন আপনি জানতে চাইবেন দলের কোচ কি করছে। সে প্রতিদিন একই কাজ করছে কিনা। রজার্সের উপর আমার শতভাগ আস্থা আছে এবং আমার বিশ্বাস সতীর্থরাও আমার কথার প্রতিধ্বনি করবে। আমি দারুণ খুশি সে এখানে আছে এবং আমার ধারণা বোস্টনেও (মালিক জন ডব্লিউ হেনরির ঠিকানা) অবস্থাটা তেমনই। রজার্সকে ধরে রাখতে হলে অচিরেই তার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে হবে।’