পেট্রোবাংলার ছয় কোম্পানির এমডির নথি তলব দুদকের
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:১৪
পেট্রোবাংলার অধীনস্থ ছয় কোম্পানির জনবল নিয়োগে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ছয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে দুদক থেকে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। নোটিসে আগামী ২৫ মার্চ সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি সরবরাহ করতে বলা হয়েছে। যে ছয়টি প্রতিষ্ঠানের এমডির নথি তলব করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এবং বড়পুকুরিয়া কয়লা খনি লিমিটেড।
এ নোটিসে এ ছয়টি প্রতিষ্ঠানের এমডির চাকরির এসিআর এবং যদি তাদের বিরুদ্ধে কখনো কোন তদন্ত হয়ে থাকে তাহলে ঐ তদন্ত কমিটির প্রতিবেদনসহ যাবতীয় রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের বিরুদ্ধে পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানির বিভিন্ন পর্যায়ে লোকবল নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। দুদকের উপ-পরিচালক আহসান আলী এ অভিযোগ অনুসন্ধান করছেন।