দেশপ্রেম নিয়ে উন্নয়নের জন্য কাজ করার আহবান শিক্ষামন্ত্রীর
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২২:১৫
দেশপ্রেম, সততা ও আন্তরিকতা দিয়ে দেশের উন্নয়নের কাজ করার জন্য গ্রাজুয়েটদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম । তিনি বলেন, আমরা নতুন একটা প্রজন্ম চাই যারা হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত, জাতীয় মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি দায়িত্বশীল।
গতকাল মঙ্গলবার মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ১২তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিরপুর সেনানিবাসস্থ মিরপুর হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী সর্বোচ্চ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য লেফটেন্যান্ট মুজাহিদুল ইসলামকে (বাংলাদেশ নৌবাহিনী) ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ প্রদান করেন। উল্লেখ্য, এবছর ৩১৯ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেন যার মধ্যে ২১৫ জন বেসামরিক, ১০২ জন সামরিক এবং ২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।